ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ গাড়িচালকের প্লট বরাদ্দ বাতিল

ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের নামে দেওয়া প্লট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৪ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল আমিনের স্বাক্ষরিত চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাদের মোট ৫১ কাঠার প্লট দেওয়া হয়েছিল।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত দুটি তদন্ত কমিটি সম্প্রতি তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও এসব প্লটের মালিক হয়েছেন। প্রকল্পের নির্ধারিত কোটা না থাকলেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনায় এসব প্লট বরাদ্দ করা হয়েছে। দুটি তদন্ত প্রতিবেদনেই তাদের নামে দেওয়া সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।


যাদের প্লট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন গাড়িচালক বোরহান উদ্দিন, মো. বেলাল হোসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, মতিউর রহমান, নুর হোসেন, মাহবুব হোসেন, মো. শাহীন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল ইসলাম ও রাজন মাদবর। তাদের নামে তিন কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া গাড়িচালক নুরুল আলম, নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট বাতিল করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑